জামালপুর
উপসহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রতিবাদে মানববন্ধন করে অপসারণের দাবি এলাকাবাসীর
ছবি-সমকাল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২২:৫৭
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মেহেদী জামানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
রোববার দুপুরে নরুন্দি বাজার ইউনিয়ন ভূমি অফিসের সামনে স্থানীয় ‘সর্বস্তরের জনগণের’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপসহকারী ভূমি কর্মকর্তা মেহেদী জামান নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। নামজারি, খাজনা, খারিজ ও দাখিলা-সংক্রান্ত সেবায় সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নিয়ে থাকেন। তাঁর দাবি করা অর্থ না দিলে দীর্ঘদিন ফাইল আটকে রাখা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, মাসুদ রানা প্রমুখ। মানববন্ধনে অংশ নেওয়া এক ভুক্তভোগী বলেন, ভূমি অফিসে একটি কাজ করতে বারবার আসতে হয়। হয়রানি আর অতিরিক্ত টাকার চাপের কারণে ভোগান্তিতে রয়েছেন তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ২১ জুন ওই কর্মকর্তার ঘুষ-দুর্নীতির ব্যাপারে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার মেলেনি। বাধ্য হয়েই তাদের রাস্তায় নামতে হয়েছে।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে উপসহকারী ভূমি কর্মকর্তা মেহেদী জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ফোন রিসিভ করেননি তিনি।
সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দারের ভাষ্য, উপসহকারী ভূমি কর্মকর্তা মেহেদী জামানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার বলেন, তিনি কোনো অভিযোগ পাননি। ভুক্তভোগীর অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।