ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আদমদীঘিতে মৃত ব্যক্তির করোনা শনাক্ত, উপসর্গে ১ জনের মৃত্যু

আদমদীঘিতে মৃত ব্যক্তির করোনা শনাক্ত, উপসর্গে ১ জনের মৃত্যু
×

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৪:২৫ | আপডেট: ১৬ জুন ২০২০ | ০৪:৩৩

বগুড়ার আদমদীঘিতে করোনা উপসর্গে মারা যাওয়া এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা উপসর্গে মারা গেছেন আরও একজন । করোনা শনাক্ত হওয়া  মৃত ব্যক্তি হলেন পল্লী চিকিৎসক আবু বক্কর ছিদ্দিক (৫৫)।  করোনা উপসর্গে মারা যাওয়া ব্যক্তির নাম রাজিব কুন্ডু ওরফে দয়াল (৪৩)  ।

সোমবার রাতে তাদের মৃত্যু হয়।

রাজিব কুন্ডু উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সেবক কুন্ডুর ছেলে। তিনি বগুড়া বড়গোলা যমুনা ব্যাংক শাখার ক্যাশিয়ার ছিলেন। অন্যদিকে পল্লী চিকিৎসক আবু বক্কর ছিদ্দিক কুন্দগ্রাম মন্ডলপাড়ার মৃত ময়েজ মন্ডলের ছেলে ।

এ নিয়ে আদমদীঘিতে গত দুই দিনে করোনা উপসর্গে তিন ব্যক্তির মৃত্যু হলো।

রাজিব কুন্ডুর ভাই সুবল কুন্ডু জানান, রাজিব কুন্ডু জ্বর ও সর্দি- কাশিতে আক্রান্ত হলে গত ১১ জুন ছুটি নিয়ে কাঞ্চনপুর গ্রামে নিজবাড়িতে আসেন। সেখানে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এ অবস্থায় সোমবার রাত ১১টায় তার মৃত্যু হয়।

পল্লী চিকিৎসক আবু বক্কর ছিদ্দিকের পারিবারিক সূত্রে জানা যায়, ৪ দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই চিকিৎসক বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টায় তার মৃত্যু হয়। রাতেই বগুড়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের সহযোগিতায় মরদেহ কুন্দগ্রামে তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিম মৃত ওই ব্যাংকারের শরীরের নমুনাসহ তার পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নমুনা পরীক্ষায় মৃত পল্লী চিকিৎসকের করোনা পজিটিভ ফল এসেছে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, মৃতদের পরিবারসহ আশপাশের বাড়ির সদস্যরা যাতে সরকারি নিদের্শনা ও স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।


আরও পড়ুন

×