ফরিদপুরে মেয়র-চেয়ারম্যানসহ আরও ১০১ জনের করোনা
প্রতীকী ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ১০:৪৩
ফরিদপুরে গত ২৪ ঘন্টায় পৌরমেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ আরও ১০১ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের পৌরমেয়র শেখ মাহাতাব আলী মেথু ও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধাসহ ফরিদপুরে আজ নতুন করে ১০১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে ১০১ জন নিয়ে ফরিদপুরে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪০৭ জনে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুরে করোনা পরিস্থিতির অবনতির ধারা অব্যাহত রয়েছে। আমাদের জীবনাচার ও চলাফেরায় আরও সতর্ক থাকতে হবে।