সালিশ বৈঠকের আগেই সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ১১:২৮
পূর্ব নির্ধারিত সালিশ বৈঠকের আগেই সিলেটের বিশ্বনাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনোকুপা গ্রামের নুরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের সদস্যের ভাই সমছু মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষে আহত হয়েছেন আরও ১৫জন।
নিহত দুজনের একজন মখলিছ আলী (৬৫)। তিনি উপজেলার মনোকুপা গ্রামের বাসিন্দা ও অলংকারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলু মিয়ার বড় ভাই। নিহত প্রতিপক্ষের অপরজন হলেন- ওয়ারিছ আলী (৬০)। তিনি একই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মনোকুপা গ্রামের নুরুল ইসলাম ও সমছু মিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আর আত্মীয়তার সুবাদে দুই পক্ষের পূর্ব পুরুষদের রেখে জাওয়া জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এনিয়ে গত রমজান মাসে দুই পক্ষে দুই দফা সংঘর্ষও হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার রাতে বিরোধ নিস্পত্তির লক্ষে পার্শবর্তী নিজ গ্রামের আব্দুল আজিজের বাড়িতে হওয়ার কথা ছিলো দুইজনের। প্রথমে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল সালিশের ব্যবস্থা করলেও উভয় পক্ষ সময় নিতে থাকে।
সম্প্রতি বৈঠকের এ দিন তারিখ ঠিক করেন সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কিন্তু এর আগেই মঙ্গলবার বিকেলে স্থানীয় বাজার থেকে আসার পথে নুরুল ইসলাম পক্ষের ওয়ারিছ আলীকে হামলা করেন প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫জন হন।
গুরুতর আহত হন সমছু মিয়ার ভাই মখলিছ আলী (৬৫) ও প্রতিপেক্ষর ওয়ারিছ আলী (৬০)। মুমূর্ষু অবস্থায় মখলিছ আলীকে (৬৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর হামলায় আহত হওয়া প্রতিপক্ষের ওয়ারিছ আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টারদিকে একই হাসপাতালে মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম সমকালকে বলেন, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে সালিশ বৈঠকের কথা থাকলেও এর আগেই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের দুইজন নিহত হয়েছেন।
বিশ্বনাথ থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ শর্ম্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সমকালকে বলেন, ওসি স্যারসহ সকলেই ব্যস্ত। আর ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
- বিষয় :
- বিশ্বনাথ