ব্রাহ্মণবাড়িয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
ওসিকে উপজেলা চেয়ারম্যানের আল্টিমেটাম!
ফাইল ছবি
নিজস্ব প্রদিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৮:২০
সরাইল থানার ওসিকে আল্টিমেটাম দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। সোমবার সকালে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি ওসিকে এক মাসের আল্টিমেটাম দেন।
উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সরাইল থানা চলে এখন দালালের মাধ্যমে। চারিদিকে বেড়ে গেছে মাদকের দৌরাত্ব। প্রকাশ্যে মাসোয়ারায় চলছে জুয়া। থানায় বসে ওসি আড্ডা দেন দালাল, জুয়াড়ি ও মাদকাসক্তদের সাথে। যোগদানের ৩ মাস পরও তিনি উপজেলার কোনো সভায় যোগদান করেননি। ওসি সাহেব মনে হয় চাঁদের দেশ থেকে এসেছেন। সরাইলের মানুষের চাঁদের দেশের কর্মকর্তার দরকার নেই।'
তিনি বলেন, সরাইলে ওসি সাহেব এখন আধুনিক জুয়া চালু করেছেন। সকাল বাজারে নিয়মিত বড় জুয়া চলছে। তারা প্রতিদিন থানাকে দেয় ৩ হাজার টাকা। সৈয়দটুলা এলাকায়ও চলছে জুয়া। মাদক তো ওপেন সিক্রেট। কাউন্টার মামলা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি থানায় যোগদানের পর এখন কোনো ঘটনায় মামলা হলে অপর পক্ষকে বাড়ি থেকে ডেকে এনে কাউন্টার মামলা করানো হয়। তিনি নিয়মিত সন্ধ্যার পর জুয়াড়িদের নিয়ে আড্ডা দেন। ওসি সাহেব থানায় গোযদান করেছেন ৩ মাস হয়েছে। আজ পর্যন্ত তিনি উপজেলার কোনো সভায় উপস্থিত হননি। কোন অফিসারের সাথে পরিচিত হওয়ার প্রয়োজনও মনে করছেন না। দালাল, মাদক, জুয়া ও কাউন্টার মামলা বন্ধ করতে ওসিকে এক মাস সময় দিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, এক মাসের মধ্যে সংশোধন না হলে সরাইলের মানুষ জানে ওসিকে কিভাবে বিদায় করতে হবে।
সভায় একাধিক জনপ্রতিনিধিও মাদক বিস্তৃতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। সভায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বর্তমান সময়ে জনপ্রতিনিধি, সাংবাদিক ও মসজিদের ইমামদের করণীয় ব্যাখ্যা করেন ইউএনও।
সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বলেন, পাকশিমুলের যুবলীগ নেতা আজিজের বিরুদ্ধে ছাত্রদল নেতা রিফাতের দায়ের করা মিথ্যা মামলাটির ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা হয়েছিল গত আইন-শৃঙ্খলা সভায়। তা না করে ওসি সাহেব দিয়েছেন চার্জশিট। দালালের কথায় এখন চলে থানা। উপজেলার শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি বলেন, করোনার সুযোগে আমার ইউনিয়নে মাদকের উৎসব চলছে। সন্ধ্যার পর মনে হয় শাহবাজপুর যেন মাদকের হাট।
শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন বলেন, কালিকচ্ছের চোলাই মদে ছেয়ে যাচ্ছে আমার ইউনিয়ের ২টি গ্রাম।
এছাড়াও বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান।
সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান বলেন, বিশৃঙ্খলা এড়াতে ২/১ টা কাউন্টার মামলা নিতে হয়েছে। জুয়ার বিষয়ে আমার খুব একটা জানা নেই। সম্প্রতি অরুয়াইল থেকে ১০ জুয়াড়িকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের জনবল কম। তিনি বলেন, থানায় যোগদান করেছি মাত্র ৩ মাস হয়েছে। এলাকা চিনতেতো ৬ মাস সময় লাগে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।