ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব বৃহস্পতিবার শুরু
ফাইল ফটো
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৮:৩৫ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ০৯:৩৬
| প্রিন্ট সংস্করণ
ধামরাইয়ে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। দেশের সর্ববৃহৎ এ রথযাত্রা ঘিরে ধামরাইয়ে এখন সাজসাজ রব।
এরই মধ্যে যশোমাধব মন্দির ও রথ পরিচালনা পরিষদ রথ মেরামত, সাজসজ্জাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব শুরু হয়। এ উৎসব দেশ-বিদেশের লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয়। শ্রীশ্রী যশোমাধবের প্রতি কলা-চিনি ছিটিয়ে এক বছরের পাপ মোচনের জন্য দূরদূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা কয়েক দিন ধরেই এসে উঠছেন আত্মীয়স্বজনের বাড়িতে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধনী দিনে প্রথমে রথের সারথি উত্তম গাংগুলি ও চপলেশ গাংগুলি ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বিকেল সাড়ে ৪টায় ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ায় অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
যশোমাধব মন্দির ও রথমেলা পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন প্রমুখ।
এদিন বিকেল ৬টায় রথযাত্রা উদ্বোধনের পর উৎসবে আগতরা কায়েতপাড়া থেকে মূর্তিসহ ৪২ ফুট উচ্চতার তিনতলা রথটি পাটের রশি ধরে টেনে যশোমাধবের শ্বশুরবাড়ি যাত্রাবাড়ি মন্দিরে নিয়ে যাবেন। সেখানে পূজা-অর্চনা শেষে ৯ দিন পর তা উল্টো টেনে আগের স্থানে আনা হবে। এই উল্টো রথটান আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। তবে রথ উৎসবের মেলা চলবে এক মাসব্যাপী।
শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক বলেন, প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উৎসব লাখো ভক্তের মিলনমেলায় পরিণত হবে। এরই মধ্যে রথমেলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন ও থানার ওসি নাজমুল হুদা খান জানান, রথমেলার নিরাপত্তা নিশ্চিতে তিন শতাধিক পুলিশ, র্যাব, আনসার সদস্য মোতায়েন থাকবেন। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে নজরদারি করবেন।
- বিষয় :
- উৎসব মণ্ডল
- রথযাত্রা
- উৎসব পালন
- মেলা