করোনার উপসর্গ নিয়ে ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৪:৪৯
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আ ফ ম জাহেদ (৪২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে নগরের জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক জানান, ২৩ জুন শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে প্রথমে বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাত দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। করোনার বিভিন্ন উপসর্গ থাকায় ২৫ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৩০ জুন রাতে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। নমুনা পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি।
সিএমপির পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৫৯ জন।
- বিষয় :
- করোনার উপসর্গ
- ট্রাফিক পুলিশ
- চট্টগ্রাম