পাবনায় বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপরে যমুনার পানি
পাবনায় যমুনা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে
পাবনা অফিস
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০০:৪৮ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ০০:৫৬
পাবনায় বেড়েই চলছে পদ্মা-যমুনা নদীর পানি। তার সঙ্গে দেখা দিয়েছে নিম্নাঞ্চল প্লাবিতসহ নদীভাঙন। নদী তীরবর্তী মানুষ উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যে দিন পার করছেন।
বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ জানান, বৃহস্পতিবার সকালে যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, পদ্মা নদীর পানি জেলার ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার ২ দশমিক ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা বলেন, প্রতিবার বর্ষার সময় পদ্মা ও যমুনা নদী ভয়াল রূপ ধারণ করে। ভাঙনে আমরা হয়ে পড়ি জমিজমাহীন বাস্তুহারা। অল্পতেই যদি এই ভাঙন রোধ করা না যায় তাহলে আমরা মহাবিপাকে পড়বো। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যাবো।
ইতোমধ্যে পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া, নাকালিয়া, সুজানগরের নাজিরগঞ্জ, সাতবাড়িয়া, মালিফা, ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা, সাড়া ও পাকশী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম নদীভাঙনের শিকার হয়েছে। পাশাপাশি নিম্নাঞ্চল ডুবে গেছে। ক্ষতি হয়েছে উঠতি ফসল ও সবজি ক্ষেতের।
পানি উন্নয়ন বোর্ড ও জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত সময়ের মধ্যেই নদীভাঙন রোধে কাজ করা হবে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জরুরি কাজ করা হয়েছে এবং অব্যাহত রয়েছে।
- বিষয় :
- যমুনার পানি
- বিপদসীমা
- পাবনা