ফরিদপুর
অতিবৃষ্টিতে ডুবেছে ফসলের মাঠ, নষ্ট শতাধিক হেক্টর জমির ফসল
ছবি- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৭:২৬
টানা বৃষ্টিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় ফসলের মাঠ পানিতে তলিয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ইতোমধ্যে শতাধিক হেক্টর জমির সবজি ও ধানের বীজতলা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত মাঠের পানি নিষ্কাশন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রণোদনার ব্যবস্থা করা হবে।
গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে জেলার মধুখালী, কানাইপুর, গোবিন্দপুর, তাম্বুলখানাসহ বিভিন্ন এলাকার মরিচ, লালশাক, পুঁইশাকসহ বিভিন্ন সবজি এবং ধানের বীজতলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, অনেক খাল ও কালভার্ট ভরাট হয়ে থাকায় জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ফলে দিনের পর দিন ফসল পানির নিচে থাকায় গাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং লোকসানের মুখে পড়েছেন তারা।
কানাইপুরের কৃষক হাফেজ বেপারী জানান, আড়াই বিঘা জমিতে মরিচ চাষে প্রায় এক লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। টানা ১০ দিন ধরে ক্ষেত পানির নিচে থাকায় গাছগুলো মরে যাচ্ছে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় এখন পর্যন্ত প্রায় ২০০ হেক্টর ধানের বীজতলার মধ্যে ৬৫ হেক্টর, ১০ হেক্টর মরিচ এবং ৪৩ হেক্টর সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পাঁচ থেকে ছয় দিন পর চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ব্যবস্থা করা হবে।
ফরিদপুর জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১২ ও ১৩ জুলাই জেলায় যথাক্রমে ১২১ ও ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহে মোট বৃষ্টিপাত হয়েছে ১৮৪ মিলিমিটার।