ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক
×

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৭:৪২ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৮:১৬

আল-আরাফাহ ব্যাংক পরিচালনার ভার পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার নতুন করে ১৪ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডারকে পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের আগস্ট পরবর্তী পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালক দিয়ে চলছিল ব্যাংকটি। এখন এই ১৪ জন যুক্ত হওয়ায় পরিচালক সংখ্যা দাঁড়াল ১৯ জনে। আওয়ামী লীগের সময়ে আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সমকালকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক যে ১৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে। এর মধ্যে আল-আরাফাহ ব্যাংকের আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় শেয়ারহোল্ডার পরিচালকদের এখানে যুক্ত করা হয়েছে। অন্য যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, তাদের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এ ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন। তাই তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নতুন পর্ষদে কারা আসলেন
১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের তিনজন কেডিএস গ্রুপের। তারা হলেন- কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ ও কেডিএস টেক্সটাইলের পক্ষে প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। 

অন্য পরিচালকরা হলেন- ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সর্বশেষ নির্বাচনে ঢাকা- ৭ থেকে জামায়াতের হয়ে নির্বাচন করা এনায়েত উল্লা, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টীল মিলের পক্ষে প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

আওয়ামী লীগ পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে খাজা শাহরিয়ারকে স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। 
পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন- মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান। এসব পরিচালকরাও নতুন পর্ষদে থাকবেন। তবে পর্ষদের সব পরিচালক মিলে এখন আবার নতুন চেয়ারম্যান নিয়োগ করবেন।

আরও পড়ুন

×