নিখোঁজের ৪ দিন পর কৃষকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৮:৩৫
মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে ধলাই নদী পার হতে গিয়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত মাসুক মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মৃত আজিজ মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। এর চার দিন আগে নিখোঁজ হন তিনি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকাল ১০টার দিকে মাসুক মিয়া ও বলাই দাস নামের এক প্রতিবেশী ধলাই নদীর ওপারে হকতিয়ারখোলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে বস্তা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় বলাই দাস তীরে উঠতে পারলেও মাসুক মিয়া নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। নদীর তীরে থাকা লোকজন বিষয়টি দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায় কিন্তু ততক্ষণে তিনি নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুকুল ইসলাম জানান, স্থানীয় ইউনিটে ডুবুরি দল না থাকায় সিলেট থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল এনে উদ্ধারকাজ চালানো হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় একপর্যায়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
অবশেষে মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্বজন ও এলাকাবাসী মিলে মরদেহটি নদী থেকে উদ্ধার করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ধলাই নদী থেকে মাসুক মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন পানিতে থাকায় লাশটি ফুলে ও পচে গেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- মৌলভীবাজার
- কৃষক
- মরদেহ উদ্ধার