ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

টরন্টোর মঞ্চে ঢাকার আবহে ‘দেওয়ান গাজীর কিসসা’

টরন্টোর মঞ্চে ঢাকার আবহে ‘দেওয়ান গাজীর কিসসা’
×

‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের মঞ্চায়নের দৃশ্য।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৭:১০ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৭:১২

আটলান্টিকের ওপারে কানাডার টরন্টোতে যেন কিছু সময়ের জন্য ফিরে এসেছিল ঢাকার মঞ্চনাটকের আবহ। ফেয়ারভিউ মল লাইব্রেরি থিয়েটারের মঞ্চ যেন হয়ে উঠেছিল রাজধানীর মহিলা সমিতি কিংবা বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচিত অডিটোরিয়াম। আর সেই আবহে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া উপস্থিতিতে মঞ্চস্থ হলো আলোচিত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ করে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্য-প্রতীচ্য। জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটক অবলম্বনে নির্মিত এ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম।

প্রবাসে নাট্যচর্চার নানা সীমাবদ্ধতা অতিক্রম করে নাটকটি দর্শকদের মুগ্ধ করে। দর্শকে পূর্ণ মিলনায়তনে উপস্থিত নাট্যপ্রেমীরা শুরু থেকে শেষ পর্যন্ত নাটকটি উপভোগ করেন। প্রতিটি দৃশ্য, সংলাপ ও অভিনয়ে বারবার করতালিতে মুখর হয়ে ওঠে পুরো হল।

নাটক শেষে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশের নব্বই দশকের জনপ্রিয় নাট্যাভিনেত্রী আফরোজা বানু, নাট্যাভিনেত্রী লুৎফর নাহার লতা, নাট্যব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিম এবং প্রাচ্য-প্রতীচ্যের সহসভাপতি শিবু চৌধুরী।

লুৎফর নাহার লতা বলেন, ‘দূর প্রবাসে নানামুখী ব্যস্ততার মধ্যেও মাহমুদুল ইসলাম সেলিমের নির্দেশনায় বাংলা নাটকের এমন সফল মঞ্চায়ন সত্যিই প্রশংসনীয়। নাটকের কলাকুশলীদের পাশাপাশি দর্শকরাও এ সাফল্যের গুরুত্বপূর্ণ অংশীদার।’ তিনি প্রবাসে বাংলা নাটকের ধারাবাহিকতা ধরে রাখতে প্রাচ্য-প্রতীচ্যের এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নাটকের কেন্দ্রীয় চরিত্র দেওয়ান গাজী গাজীপুরের এক প্রভাবশালী জোতদার। ক্ষমতার লালসা, ভোগ-বিলাস, স্বেচ্ছাচারিতা এবং নেশাগ্রস্ত অবস্থায় সবকিছু বিলিয়ে দেওয়ার প্রবণতা-চরিত্রটির নানা বৈপরীত্যের মধ্য দিয়ে সমাজে ক্ষমতার অপব্যবহার ও মানবিক সংকটকে শক্তিশালী নাট্যভাষায় তুলে ধরা হয়েছে।

মঞ্চায়ন শেষে দর্শকদের অনেকেই মন্তব্য করেন, টরন্টোতে এর আগে এত দর্শকসমাগম ও এমন প্রাণবন্ত বাংলা নাটকের আয়োজন খুব কমই দেখা গেছে। তাঁদের মতে, ‘দেওয়ান গাজীর কিসসা’ শুধু একটি নাট্যপ্রযোজনা নয়, বরং প্রবাসে বাংলা সংস্কৃতি ও নাট্যচর্চার প্রতি ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ।

আরও পড়ুন

×