বাঞ্ছারামপুরে করোনায় প্রথম মৃত্যু নার্সের
জহিরুল ইসলাম
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৭:১৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ | ০৯:৩১
ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে করোনায় আক্রান্ত হয়ে জহিরুল ইসলাম (৪৩) নামে এক সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
জহিরুল ইসলাম বাঞ্চারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার তিতাস থানার নাগেরচর গ্রামের বাসিন্দা।
বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৭জুন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জহিরুল ইসলাম করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সেসময় করোনার উপসর্গ হিসেবে তার শরীরে জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট ছিল। পরে তিনি বাঞ্ছারামপুরেই নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় গত ২০জুন রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ২৭জুন তার নমুনার ফলাফল করোনা পজিটিভ আসে।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল মামুন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জহিরুল ইসলাম করোনায় আক্রান্ত ছিলেন। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।