চট্টগ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
মো. এমদাদুল হক আকাশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৮:০০
নগরের বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকায় চাঞ্চল্যকর লোকমান হত্যা মামলার পলাতক আসামি মো. এমদাদুল হক আকাশকে (২২) শনিবার গ্রেফতার করেছে পুলিশ। এমদাদুল হক আকাশ পটিয়া উপজেলার হুলাইন এলাকার মো. আবদুল মান্নানের ছেলে। তিনি বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকায় থাকতেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘পটিয়া এলাকা থেকে মো. এমদাদুল হক আকাশকে গ্রেফতার করা হয়েছে। আকাশ লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন তিনি।’
জানা গেছে, ২০১৯ সালের ৬ এপ্রিল প্রেমের সম্পর্ক নিয়ে সৃষ্ট বিরোধের জেরে খুন হন লোকমান। ঘটনার পর আসামি সাইফুল পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হন। জিয়াউদ্দীন বাবলু নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কিন্তু আকাশ তখন থেকে পলাতক ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর এমদাদুল হক আকাশ পটিয়া গিয়ে আলম নামে তার এক আত্মীয়ের জন্ম নিবন্ধন ও এসএসসি সার্টিফিকেট নিজের নামে ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করেন। পুলিশের চোখ ফাঁকি দিতে আকাশ এ কৌশল অবলম্বন করেন। কিন্তু পুলিশের জালে ধরা পড়েছেন আকাশ।