ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে শিশুকে হত্যা

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে শিশুকে হত্যা
×

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ -সমকাল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ০০:৪২ | আপডেট: ০৫ জুলাই ২০২০ | ০০:৪৮

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নূরে আনিতা আজাদ (৬) নামে এক শিশুকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক শিশু নাইমা সুলতানা বিথি (১০)।    

রোববার সকালে উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরে আনিতা আজাদ উপজেলার বীরপাইকশা গ্রামের মো. আলমগীরের মেয়ে। আহত নাইমা সুলতানা ওই এলাকার উসমান মিয়ার মেয়ে।  

স্থানীয়রা জানায়, সকালে জমির বিরোধ নিয়ে গলাচিপা বাজারে সালিশ হওয়ার কথা ছিলো। এজন্য সকাল ৮টার দিকে শাপলা আক্তার তার মেয়ে আনিতাকে নিয়ে বাবার বাড়ি গলাচিপা গ্রামে যান। তারা বাড়িতে গিয়ে দেখেন সিরাজুল, মুর্শেদ ও গোলাপরা ঝগড়া করছেন। এসময় শাপলা আক্তার তার মেয়ে আনিতা ও তার বোন নাইমাকে নিয়ে ফিরে আসার পথে পেছন থেকে সিরাজুল ও মুর্শেদরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আনিতা ও নাইমা গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনিতাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাইমাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

এদিকে ঘটনার খবর পেয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×