ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিরসরাইয়ে ভাগ্নের ছুরিকাঘাতে প্রাণ গেল মামার

মিরসরাইয়ে ভাগ্নের ছুরিকাঘাতে প্রাণ গেল মামার
×

প্রতীকী ছবি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ | ২০:৩৬

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হারুনুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ মধ্যম তালবাড়িয়া গ্রামের সেকান্দরের ছেলে।

অভিযুক্তের নাম শাহীন আলম। সম্পর্কে তিনি নিহত হারুনের ভাগ্নে। 

মধ্যম তালবাড়িয়া গ্রামের সর্দার মো. বেলাল হোসেন বলেন, হারুন ও শাহীন আলমের পাশাপাশি ঘর। আজ সকালে সম্পত্তির বিরোধ নিয়ে বৈঠক হয়েছে। আমরা বৈঠকে সিদ্ধান্ত জানিয়েছি, পরিমাপ না হওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকতে। বিকাল চারটার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে হারুনকে ছুরিকাঘাত করে শাহীন আলম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আর্য্য রাজ বলেন, হারুন নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। ফুসফুসে আঘাত পাওয়ায় হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশের একটি টিম। অপর একটি টিম ঘটনাস্থলে রয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×