ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেপ্তার

চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেপ্তার
×

সাবেক মেয়র মফিজুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ | ০৮:২৩

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টায় চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে চান্দিনা থানা পুলিশ। তিনি মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী এবং গুলশান থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। তিনি এসব মামলার এজাহারনামীয় আসামি।

দলীয় সূত্রে জানা যায়, মো. মফিজুল ইসলাম ২০১৬ সাল বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি। এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

রাতে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম সমকালকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চান্দিনার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগের একটি মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানা  ছিল।

ওসির ভাষ্য, ডিএমপির যেসব থানায় মফিজুল ইসলাম মামলার আসামি, বিধি মোতাবেক ওই থানাগুলোতে বার্তা দেওয়া হবে। ওই মামলাগুলোতেও তাকে শোন এরেস্ট দেখানো হবে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

×