ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
×

এনসিপির পদযাত্রা ঘিরে রাজবাড়ীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি-সমকাল

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ | ১৩:৪৪ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ | ১৩:৪৯

রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে মঞ্চ তৈরির কাজ চলছে। দুপুর তিনটায় এখানে এনসিপির পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা। 

পথসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে মঞ্চের আশেপাশের সকল দোকানপাট সকাল থেকে বন্ধ রাখা হয়েছে। পুলিশ সদস্যরা মঞ্চের অবস্থান নিয়েছে। সেনাবাহিনীকে শহরে টহল দিতে দেখা গেছে। এরই মধ্যে জাতীয়তাবাদী যুবদল নির্বিঘ্নে তাদের কেন্দ্রীয় কর্মসূচি বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার নেতা মীর সুজন জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর তিনটায় তাদের পথসভা অনুষ্ঠিত হবে। এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তারা আশা করছেন, ১০ থেকে ১৫ হাজার লোকের সমাগম হবে সমাবেশে। এরইমধ্যে কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এনসিপির নেতৃবৃন্দ বর্তমানে (দুপুর ১টা) ফরিদপুরে রয়েছেন। তারা যথাসময়ে রাজবাড়ী আসবেন বলে মনে করছেন।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, রাজবাড়ীতে এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে যাতে সম্পন্ন হয় এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। গোয়েন্দা বিভাগের  তৎপরতা রয়েছে। তারা আশা করছেন কোনো সমস্যা হবে না।
 

আরও পড়ুন

×