স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে যেতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
.
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ২৩:৪৩
স্বাস্থ্য খাত সংস্কারে ৩ দফা দাবিতে বরিশাল ব্লকেট কর্মসূচি নতুন মোড় নিয়েছে। গত ২৭ জুলাই ছাত্র-জনতার ব্যানারে আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবার থেকে প্রতিদিন নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হচ্ছে। রোববার বিকেলে সেখানে গিয়ে সংহতি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয়কারী আবু সাইদ মুসা।
বক্তৃতায় মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের আন্দোলন শুরু হবে। এদিকে গতকাল সংবাদ সম্মেলনে আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। না হলে আরও কঠোর আন্দোলন শুরু হবে।
এদিকে আন্দোলনকারীরা প্রচার করছেন পরিবহন শ্রমিকরা আন্দোলনে সমর্থন জানিয়েছেন। তবে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদত হোসেন লিটন রোববার বিকেলে সমকালকে জানান, তারা কাউকে সমর্থন দেননি।
আন্দোলনকারীরা স্বাস্থ্য খাত সংস্কারে তিন দফার জাতীয় ইস্যু নিয়ে আন্দোলন করছেন। তারা মূলত বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিকে গুরুত্ব দিচ্ছেন। তাদের স্লোগানও হচ্ছে শেবাচিম উন্নয়নকেন্দ্রিক। রোববার আন্দোলনের ১৪তম দিন অতিবাহিত হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা নথুল্লাবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ সোমবারও একই কর্মসূচি পালিত হবে।
- বিষয় :
- আলটিমেটাম
