দেড় যুগ পর নৌকাবাইচ
ইছামতী নদীতে পাল্লা দিয়ে ছুটছে নৌকা। রোববার দুপুরে ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রামে সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ০০:৫২
মানিকগঞ্জের ঘিওরে ইছামতী নদীতে নৌকাবাইচের ঐতিহ্য প্রায় আড়াইশ বছরের। এই বাইচ ঘিরে গ্রামীণ জনপদে দেখা দেয় উৎসবের আমেজ। নানা কারণে গত ১৮ বছর উপজেলার নালী ইউনিয়নের হেলাচিয়া গ্রামে এই নৌকাবাইচের আয়োজন করা যায়নি। গতকাল রোববার দুপুরের পর থেকেই নৌকাবাইচ দেখতে জেলার নানা প্রান্ত থেকে ইছামতীর দুই তীরে ভিড় করেন হাজারো মানুষ। বহু দূর থেকে শুনতে পাওয়া যায় তাদের উল্লাসধ্বনি।
নালী গ্রামের বাসিন্দা খোরশেদ মিয়া নৌকাবাইচ দেখতে এসেছিলেন আট বছর বয়সী মেয়ে মনিরাকে নিয়ে। তিনি জানালেন, ‘আগে এই ইছামতী নদীতে প্রতিবছর নৌকাবাইচ হতো। দীর্ঘদিন ধরে তা বন্ধ ছিল। আমাদের এই নৌকাবাইচ গ্রামবাংলার ঐতিহ্য। এবার তাই মেয়েকে বাইচ দেখাতে নিয়ে এসেছি। পাশাপাশি বিভিন্ন নৌকার নামের সঙ্গেও তাকে পরিচয় করে দিচ্ছি।’
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রাশিদা আক্তার বলেন, ‘বাবা-মায়ের কাছে শুনেছিলাম, আগে এই নদীতে নৌকাবাইচ হতো। এবার বাড়ির পাশেই যেহেতু নৌকাবাইচ হচ্ছে, তাই শহরের দুই বান্ধবীকে নিয়ে এসেছি।’
হেলাচিয়া বাজার বণিক সমিতি এবারের নৌকাবাইচের আয়োজক। কমিটির সভাপতি গাজী হাবিব হাসান রিন্টুর আশা, এখন থেকে প্রতিবছর নৌকাবাইচ আয়োজন করে ঐতিহ্য ধরে রাখা হবে।
- বিষয় :
- নৌকা
