ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিদ্যুৎহীন মওলানা ভাসানী সেতু, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

বিদ্যুৎহীন মওলানা ভাসানী সেতু, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
×

.

 চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ০১:০০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ | ১২:৪৯

কুড়িগ্রামের চিলমারী-গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’র তার চুরি হয়েছে। গত বুধবার সেতু উদ্বোধনের পর শেষ রাতে তার চুরি হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলো না জ্বলায় ঘটনা জানাজানি হয়।

তখন ধরা পড়ে সেতুর দক্ষিণ প্রান্তে সুন্দরগঞ্জের হরিপুরের বোচাগাড়ী এলাকায় মাটির ভেতর দিয়ে নিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের আনুমানিক ৩০০ মিটার তার চুরি হয়েছে। সেতু এলাকার প্রায় ৩ কিলোমিটার অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চলাচলকারীরা পড়েছেন ঝুঁকিতে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে দুর্বৃত্তরা সেতুর দক্ষিণ প্রান্তে সুন্দরগঞ্জের হরিপুরে বোচাগাড়ীতে বৈদ্যুতিক বক্স থেকে সংযোগ বিচ্ছিন্ন করে। মাটির নিচে স্থাপিত তার কেটে নিয়ে যায়। এতে সেতু ও দুই পাশের সংযোগ সড়কে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চীনের নির্মাণ প্রতিষ্ঠান সেতুটির বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে স্থাপন করেছিল। তার চুরি যাওয়ায় দ্রুত লাইন মেরামত করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি পাঁচ-ছয় দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, অন্ধকারে সেতু পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতে ছিনতাই ও ডাকাতির আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। এরই মধ্যে ঘটনাটি নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রমনা পাত্রখাতা এলাকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে সন্ধ্যা নামতে অন্ধকারে ঢেকে যাচ্ছে সেতু এলাকা। এতে চুরি ও ছিনতাইর শঙ্কা বাড়ছে।’
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এ বিষয়ে এখনও কেউ জানায়নি। তবে নিরাপত্তার স্বার্থে টহল জোরদার রয়েছে।’

আরও পড়ুন

×