তিন খুনের ঘটনায় এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ
ছবি: সংগৃহীত
পাবনা অফিস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ২৩:৫৩
পাবনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, স্ত্রী ছুম্মা খাতুন ও পালিত কন্যা সানজিদা ওরফে জয়া হত্যা মামলায় ফায়ার সার্ভিস মসজিদের পেশ ঈমাম তানভীর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং চুরির অপরাধে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক তানভীর আহমেদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তানভীর হোসেন নওগাঁ জেলার হরিপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম সরোয়ার খান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার স্ত্রী ছুম্মা খাতুন ও পালিত কন্যা সানজিদা ওরফে জয়াকে নিয়ে শহরে দিলালপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে তাদের পরিচয় হয় পেশ ঈমাম ও চাল ব্যবসায়ী তানভীর হোসেনের সঙ্গে। আব্দুল জব্বারের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক গড়ে ওঠে। ব্যাংক লেনদেনসহ পরিবারের নানা কাজে ওই পরিবারকে তানভীর তাদের সহযোগিতা করতেন। গত ২০২০ সালের ৩১ মে গভীর রাতে টাকাপয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে আব্দুল জব্বারসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন তানভীর। পরে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ নওগাঁ থেকে তাঁকে আটক করে।
- বিষয় :
- পাবনা
- মৃত্যুদণ্ডের আদেশ
- মৃত্যুদণ্ড
