নৌকাবাইচ দেখতে ইছামতী তীরে জনতার ঢল
প্রতিযোগী নৌকাকে ছাড়িয়ে যেতে বৈঠা মারছেন মাল্লারা। শনিবার ঢাকার নবাবগঞ্জের কলাকোপা-হরিস্কুল সেতু এলাকায় সমকাল
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ০০:৫৭
বর্ণিল আয়োজনে ঢাকার নবাবগঞ্জে ইছামতী নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার কলাকোপায় আয়োজিত বাইচ দেখতে হাজারো মানুষ নদীর দুই তীরে ভিড় করেন। ঢাকা, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জের ১০টি নৌকা ঐতিহ্যবাহী এই বাইচে অংশ নেয়।
নবাবগঞ্জ রোইং ক্লাবের সহায়তায় এই বাইচের আয়োজনে ছিল নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি। এই সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, নৌকাবাইচ বাংলার হাজার বছরের ঐতিহ্য। এক সময় নবাবগঞ্জের ইছামতী নদীর ৩০টি জায়গায় নৌকাবাইচ হতো। এই নদীর উৎপত্তিস্থল পদ্মা নদীর কাছে কাশিয়াখালিতে বেড়িবাঁধ দেওয়ায় পর্যাপ্ত পানিপ্রবাহ নেই। যে কারণে বাইচের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।
বাইচ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময় তিনি ঐতিহ্য রক্ষায় আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন আয়োজনে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
নৌকাবাইচের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবু শফিক খন্দকার মাসুদ, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার ইব্রাহিম আলম ভূঁইয়া, দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. সেলিম মিয়া। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ রোইং ক্লাবের সহসভাপতি ডা. হরগোবিন্দ সরকার অনুপ, নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ান প্রমুখ।
- বিষয় :
- নৌকা
