ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাকৃবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ৩০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

বাকৃবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ৩০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ১৩:৪১

তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। পরে প্রশাসনের আশ্বাসে ট্রেন অবরোধ ছেড়ে দেয় তারা।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন। 

শিক্ষার্থীরা সমকালকে জানান, এই আন্দোলন ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে পরিচালিত হচ্ছে।

তাদের মূল দাবিগুলো হলো— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদগুলো শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়াও কোনো ডিপ্লোমাধারী যেন নামের পাশে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে না পারেন, সে বিষয়েও তারা সরকারের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা তাদের পেশাগত সম্মান এবং অধিকার রক্ষা করতে চান।

রুবেল আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করে এই ডিগ্রি অর্জন করি। অথচ ডিপ্লোমাধারীরা যদি আমাদের মতোই পদবি ব্যবহার করতে পারেন, তাহলে আমাদের এই ডিগ্রির গুরুত্ব কোথায়? আমরা চাই সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিক।’

সুমাইয়া আক্তার নামের শিক্ষার্থী বলেন, ‘আমরা চাই না সাধারণ মানুষের কোনো দুর্ভোগ হোক। কিন্তু আমাদের দাবিগুলো আদায়ের জন্য এর চেয়ে ভালো কোনো উপায় আমাদের কাছে নেই। যদি সরকার আমাদের দাবিগুলো না মানে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।’

আরও পড়ুন

×