ঝড়ে নৌকা ডুবে জেলের মৃত্যু
ছবি: প্রতীকী
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩৮ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৫৬
নওগাঁর রাণীনগরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে লোকমান হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর নামক বিলে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় লোকমানের মরদেহ উদ্ধার করা হয়। লোকমান (৫৩) উপজেলার হরিশপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
লোকমানের ছোট ভাই বাবু প্রামাণিক জানান, ঘটনার দিন তারা একটি নৌকায় ছয়জন বিলে মাছ ধরতে যান। রাত ২টার দিকে হঠাৎ করে ঝড় উঠলে তাদের নৌকা পানিতে ডুবে যায়। এ নৌকায় থাকা অন্যরা সাঁতরে কিনারে উঠলেও তাঁর ভাইয়ের খোঁজ মিলছিল না। মঙ্গলবার সকালে বিল থেকে ভাসমান অবস্থায় ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- নওগাঁ
- নৌকা ডুবে মৃত্যু
