সুবর্ণচরে তারুণ্যের উৎসবে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন অ্যাটর্নি জেনারেল
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৩৭
‘সবাই মিলে করি বৃক্ষরোপণ, বাঁচাই প্রকৃতি-বাঁচাই জীবন’- এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে উদযাপিত হলো তারুণ্যের উৎসব ২০২৫। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উদ্যোগে শনিবার সকালে বিএডিসির ডাল ও তৈলবীজ বর্ধন খামারে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন খামারের প্রকল্প পরিচালক মো. আজিম উদ্দিন।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই-আগস্টের কঠিন গিরিপথ পেরিয়ে ছাত্রজনতা যে গণ-অভ্যুত্থান সফল করেছে, তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথ খুলেছে। বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছেন আপনারা। তাই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্বও নিতে হবে শিক্ষার্থীদের।
তিনি আরও বলেন, গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। অক্সিজেন দেয়, মৌলিক চাহিদা মেটায়, পরিবেশকে রাখে অনুকূলে। তাই সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। দেশকে সবুজ বেষ্টনীতে পরিণত করার দায়িত্ব নিতে হবে তরুণদের। কেননা তারাই একদিন জাতিকে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠান শেষে দুই শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। পরে অ্যাটর্নি জেনারেল নিজ হাতে খামার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
- বিষয় :
- বৃক্ষরোপণ
