ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রিপোর্টে মৃত ডাক্তারের সই, বরিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রিপোর্টে মৃত ডাক্তারের সই, বরিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৫:১০ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ০৫:৩৯

প্যাথলজি রিপোর্টে মৃত চিকিৎসকের স্বাক্ষরসহ রোগীদের সঙ্গে নানা প্রতারণার অভিযোগে বরিশাল নগরীর জর্ডান রোডের সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামের একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে অভিযান চালিয়ে এক চিকিৎসকসহ তিনজনকে ৬ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

দণ্ডিতরা হচ্ছেন-চিকিৎসক নুর এ সরোয়ার সৈকত, ডায়াগনস্টিক সেন্টারের মালিক এ কে চৌধুরী ও জসিম উদ্দিন মিলন। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুবিনুল হক জানান, খাদিজা নামের এক রোগীকে বুধবার প্যাথলজি পরীক্ষার রিপোর্ট দেয়া হয়। ওই রিপোর্টে স্বাক্ষর ছিল গত ১৯ জুলাই মৃত্যুবরণ করা ডা. গাজী আমিনুল্লাহ খানের। মৃত্যুর আগে তিন মাস অসুস্থ ছিলেন তিনি। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ডে লেখা রয়েছে করোনায় আক্রান্ত হয়ে সদ্য মৃত্যুবরণ করা বরিশাল সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইমদাদ উল হকের নাম। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামের ওই প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। দালালরা সহজ-সরল রোগীদের ফুসলিয়ে নিয়ে গিয়ে পরীক্ষা-নীরিক্ষার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিত। এছাড়া ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে একাধিক চিকিৎসকের নাম সংবলিত ব্যবস্থাপত্র জব্দ করা হয়েছে যারা আদৌ ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন। 

আরও পড়ুন

×