জয়পুরহাটে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৫:২৭ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ০৫:৩৯
জয়পুরহাটে নিখোঁজের দুইদিন পর শহিদুল ইসলাম নামে এক হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের গুলশান মোড় এলাকার একটি পুকুর থেকে ওই হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
শহিদুল গুলশান মোড় মহল্লার কাবাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুল শহরের মাছুয়া বাজারে তার হোটেল বন্ধ করে রাতে আর বাড়িতে ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখোজির পরও তার কোনো সন্ধান পাননি। দুইদিন পর বৃহস্পতিবার দুপুরে তার বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নাকি দুর্ঘটনা বা পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তের পর জানা যাবে।