রাজাপুরে মাহেন্দ্র খাদে পড়ে বৃদ্ধ নিহত
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৫:৩২
ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাহেন্দ্র সড়কের পাশে খাদে পড়ে গিয়ে নিত্যানন্দ দত্ত (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ৬টার দিকে উপজেলার উত্তর বাগড়ি গ্রামের মারফকাঠি এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিত্যানন্দ নলছিটির ষাটপাকিয়া গ্রামের কালি চরণ দত্তের ছেলে।
এ ঘটনায় গাড়িচালক সুজন চন্দ্র দত্ত আহত হয়েছেন। সুজন ও নিহত নিত্যানন্দ সম্পর্কে চাচা-ভাতিজা। স্থানীয়রা জানায়, ভোরবেলা যখন কোনো গণপরিবহন চলাচল করে না, তখন বরিশাল থেকে লঞ্চযাত্রীদের নিয়ে ভাণ্ডারিয়া পর্যন্ত মাহেন্দ্র চলাচল করে। আজ ভোর ৬টার দিকে বরিশাল থেকে ভাণ্ডারিয়ার উদ্দেশে ছেড়ে আসা একটি মাহেন্দ্র উত্তর বাঘরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে।
- বিষয় :
- ঝালকাঠি
- মাহেন্দ্র খাদে পড়ে
- বৃদ্ধ নিহত
- বরিশাল
- রাজাপুর