ক্রিকেট বল আনতে গিয়ে মেঘনায় নিখোঁজ কিশোর
প্রতীকী ছবি
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০১:২৭ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ০২:০০
আশুগঞ্জে খেলার সময় পড়ে যাওয়া ক্রিকেট বল কুড়িয়ে আনতে গিয়ে মো. কবির হোসেন (১৫) নামে এক কিশোর পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোড়াগুদাম এলাকার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেলে ঘটনাটি ঘটেছে।
নিখোঁজ কবির ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর গ্রামের আব্দুস ছালেক মিয়ার ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির শ্রমিক ছিল।
কবিরের বড় ভাই রুহুল আমিন জানায়, সকালে কবির, সাগর ও নুর মোহাম্মদসহ কয়েক বন্ধু পোড়াগুদাম এলাকায় একটি চাতালের মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় ক্রিকেট বলটি চাতালের পাশে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিষ্কাশন (আউটার চ্যানেল) চ্যালেনের পানিতে পড়ে গেলে তা কুড়িয়ে আনতে তাৎক্ষণিক পানিতে ঝাপিয়ে পড়ে কবির। খালের পানিতে তীব্র স্রোত থাকায় মেঘনা নদীতে সে ভেসে যায়। এ সময় ‘বাচাঁও বাচাঁও’ বলে চিৎকার করলেও কেউ এগিয়ে না আসায় এক সময় সে মেঘনার পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।
আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রঞ্জিৎ কুমার সাহা বলেন, ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরিদল দল এলে উদ্ধার কাজ শুরু করা হবে।
- বিষয় :
- ক্রিকেট বল
- পানিতে তলিয়ে
- কিশোর
- নিখোঁজ
- মেঘনা নদী