ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে কাল

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে কাল
×

ছবি: সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ২১:০৭

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বর্ণাঢ্য আয়োজনে শনিবার বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে।

এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এমপি।

সকাল ১০টায় নওগাঁ শহরের বরুণকান্দি মোড় এলাকায় স্থাপিত বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। সেখানে পায়রা অবমুক্ত, বেলুন ওড়ানো ও উদ্বোধনী ফলক উন্মোচন করবেন অতিথিরা।

পরে বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই শুভযাত্রা হোক জ্ঞানের আলোয় উদ্ভাসিত, সাফল্যে সমৃদ্ধ। বিশ্ববিদ্যালয়টি আগামী প্রজন্মের স্বপ্ন পূরণের নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠুক। নবাগত সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এছাড়া জেলার সংসদীয় ছয়টি আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে (আইন ও হিসাব বিজ্ঞান) শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অভিযাত্রা শুরু হয়। গত ৭ জুন থেকে ১১ জুন পর্যন্দ হিসাব বিজ্ঞান ও আইন বিভাগের দুটি অনুষদে ৮০ জন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হয়।

২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২৫ সালের ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুটি বিভাগ খোলার অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া বিভাগ দুটি হলো আইন অনুষদের অধীন আইন বিভাগ ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ।

আরও পড়ুন

×