দিনাজপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৩ জন সক্রিয় সদস্য গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০২:৫৭
দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বজরুক বোয়ালিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ ওরফে তোফায়েল আলম ওরফে শিমু (৩২), একই থানা ও জেলার ফুলহার গ্রামের আব্দুল গনি আকন্দের ছেলে বিপ্লব হোসেন (৩৩) ও একই এলাকার মনসুর আলীর ছেলে মওলা মিয়া (৪০)।
শুক্রবার দুপুরে রংপুর র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ জানান, আগে গ্রেফতারকৃত জঙ্গিদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দিনাাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন এবং সীমকার্ড উদ্ধার করা হয়।
সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ আরো জানান, আটককৃতরা আল্লাহর দলের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আল্লাহর দলের' কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের গাইবান্ধা অঞ্চলের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবত দলের জন্য চাঁদা প্রদান এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকুলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে আল্লাহর দলের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে এবং আটক জঙ্গিদের ঘোড়াঘাট থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।