পটুয়াখালীর আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৩:৫৭ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ০৪:০৮
পটুয়াখালী শহরের সাউথ কিং আবাসিক হোটেল থেকে পিংকি (২৪) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের পৌর গোরস্থান সংলগ্ন ওই হোটেলের ৯০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও ওই আবাসিক হোটেল সূত্রে জানা যায়, পিংকি তিন দিন আগে রাহাত (৩০) নামে একজনকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন। তারা হোটেলের রেজিস্টার বইতে খুলনার খালিশপুরের নাম-ঠিকানা উল্লেখ করেন। শুক্রবার সকাল ৭টার দিকে রাহাত নাস্তা আনতে বাইরে যান। ফিরে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার একটি ছিদ্র দিয়ে দেখতে পান পিংকি ওড়নায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রাহাতকে আটক করা হয়েছে।