ফরিদপুরের সাবেক সাংসদ দেলওয়ার হোসেনের ইন্তেকাল
দেলওয়ার হোসেন
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৭:৩৬
সাবেক সাংসদ ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক দেলওয়ার হোসেন (৮১) বার্ধক্য জনিত কারণে ফরিদপুর শহরের নীলটুলীস্থ বাসভবনে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাতে (বাদ এশা) আম্বিকা ময়দানে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় আলীপুর পৌর কবরাস্থানে দাফন দেওয়ার কথা।
দেলওয়ার হোসেন ১৯৭৩ সালে ফরিদপুরের বোয়লামারী-আলফাডাঙ্গা আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। আজীবন তিনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। তিনি মধুখালী সরকারি আয়েন উদ্দিন কলেজ, ফরিদপুর ইয়াছিন কলেজ, বোয়ালমারীর কাদেরদী ডিগ্রি কলেজে ও বোয়ালমারী কলেজের অধ্যক্ষ এবং বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের সাংসদ মনজুর হোসেন বুলবুল, ওই আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি এ. কে আজাদ, সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খানসহ বিশিষ্ট ব্যাক্তিরা শোক প্রকাশ করেছেন।
- বিষয় :
- ফরিদপুর
- দেলওয়ার হোসেন