ত্রানের চাল আত্মসাৎ: বগুড়ায় আ’লীগ ও যুবলীগ নেতাকে দল থেকে অব্যাহতি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৮:৫৭ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ০৯:৫১
দুঃস্থদের জন্য বরাদ্দ করা ত্রাণের চাল আত্মসাতের সঙ্গে জড়িত থাকায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু খাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাকে দল থেকে বহিষ্কার করার জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
এদিকে জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিনের বিরুদ্ধে একই অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদককে নিদের্শ দেওয়া হয়।
শুক্রবার বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এই সিদ্ধান্ত নেন। তাদের পক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে মজনু খাঁর স্থলে ওই ইউয়িনের সহ-সভাপতি মকবুল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
গত বুধবার রাতে আল আমিনকে ৫৩ বস্তা ত্রাণের চালসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই ঘটনার সঙ্গে মজনু খাঁ জড়িত বলে জানা গেছে।