সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ১০:১৫
সিলেট নগরীর বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকের আহমদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নগরীর শাহজালাল উপশহরের ডি ব্লকের ২৬ নম্বর রোডের ৩ নম্বর বাসার মো. আবুল কালাম আজাদের ছেলে সাকের নর্থইস্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত দুজন অনুকুল দাস ও তাহিয়াদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্ধু অনুকুল নিহত সাকেরের সঙ্গে একই মোটরসাইকেলে ছিলেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কায়ছার খোকন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহতদের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আহতদের মধ্যে একজন মারা গেছেন এবং অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানিয়েছেন, নগরীর আম্বরখানা থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল ক্যাডেট কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তিনজনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান আজবাহার আলী।