ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সিলেটে করোনায় আরও ৪ মৃত্যু, বিদেশগামীসহ শনাক্ত ৭৬

সিলেটে করোনায় আরও ৪ মৃত্যু, বিদেশগামীসহ শনাক্ত ৭৬
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ১০:২৯

সিলেট বিভাগে বিদেশগামী যাত্রীসহ আরও ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫২ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ১০ জন বিদেশগামী যাত্রী ছাড়াও চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন।

এ ছাড়া এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭ হাজার ৩২০ জন। একই সময় গত ২৪ ঘন্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১২৯ জন করোনায় মারা গেলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নতুন শনাক্ত ৫২ জনের মধ্যে ৪৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।

অন্যদিকে শাবির ল্যাবে শুক্রবার ১৩৫ জনের নমুনা পরীক্ষা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক। এদের মধ্যে সিলেটের ১৫ জন ও সুনামগঞ্জের ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিন সিলেট জেলায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় মোট আক্রান্ত এখন ৩ হাজার ৯৩৫ জন। নতুন ১৪ জনকে নিয়ে সুনামগঞ্জে মোট আক্রান্ত এক হাজার ৩৯১ জন। এ ছাড়া হবিগঞ্জে এক হাজার ৯৫ জন ও মৌলভীবাজারে ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়।

অপরদিকে একই দিনে সিলেট বিভাগে তিন হাজারেরও বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত চার জেলায় ৩ হাজার ২০ জন সুস্থ হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৮ জন।

আরও পড়ুন

×