ধর্ষণ মামলার আসামির গ্রেপ্তার দাবি সহপাঠীদের
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:২৮
মিঠাপুকুরে ধর্ষণ মামলার আসামির গ্রেপ্তারের দাবি জানিয়েছে সহপাঠী ও এলাকাবাসী। রোববার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। অভিযুক্ত সুলতান মিয়া উপজেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি। তার বাড়ি দুর্গাপুর ইউনিয়নের কাশিপুর আগাটারী গ্রামে।
মামলা থেকে জানা গেছে, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করত সুলতান মিয়া। গত ১৪ সেপ্টেম্বর শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় সুলতান মিয়া তাকে কৌশলে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিক্ষার্থী বাড়ি গিয়ে বিষয়টি বাবা-মাকে জানায়। পরে তার বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা করেন।
এদিকে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও পুলিশ সুলতান মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি। এর প্রতিবাদে কর্মসূচি নেয় উপজেলা কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠন।
কর্মসূচিতে শিক্ষার্থীর সহপাঠী, স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। তারা বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে।
থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শিগগির তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- মিঠাপুকুর
