লালনের গানের সঙ্গে নাচ যায় না, এটা ক্ষতিকর: ফরহাদ মজহার
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি ও চিন্তক ফরহাদ মজহার
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৪২
কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, কিছু মানুষ লালনের গানের সঙ্গে নাচ করেন। এটা কিন্তু লালনের ভাবের সঙ্গে যায় না। এটা ক্ষতিকর।
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে বুধবার বিকেলে ফরিদা পারভীন স্মরণসভায় তিনি এ সব কথা বলেন। স্মরণসভা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে লালন একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, ফরিদা পারভীন তার গায়কির মাধ্যমে প্রথম আমাদের বুঝিয়েছেন লালন নিছক সংগীত নয়। এটা ভাব সংগীত। এটা বিশেষ দার্শনিক অবস্থানকে ফেস (মুখোমুখি) করবার বিশেষ পদ্ধতি।
তিনি আরও বলেন, বাংলাদেশে পাকিস্তান আমলে লালনের গান গাওয়া হতো শুধু পল্লিগীতি হিসেবে। লালনের নামও নেওয়া হত না। স্বাধীনতার পরে এটা লালনের সংগীত আকারে গেছে। আর ফরিদা পারভীন তার গায়কির মধ্য দিয়ে লালনকে পল্লিগীতির স্তর থেকে জাতীয় পর্যায়ে তুলে এনেছেন, একটা ভাবের গান হিসেবে।
ফরিদা পারভীনকে শিল্পী বললে অপমানিত করা হবে বলে মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, লালনের গান সাধকদের—বাংলার ভাব চর্চা, বাংলা দর্শন চর্চার একটা দীর্ঘ ধারায় গড়ে উঠেছে। এটার কোনো রকম হদিস আমাদের শিক্ষিত মহলে নাই। আবার যারা লালনের গান চর্চা করেন, তাদের মাঝেও নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
- বিষয় :
- লালন সাঁই
- ফরহাদ মজহার
