ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রংপুরে সংসদীয় আসন সীমা পুনর্বিন্যাস, প্রতিবাদে ফুঁসে উঠেছেন নগরবাসী

রংপুরে সংসদীয় আসন সীমা পুনর্বিন্যাস, প্রতিবাদে ফুঁসে উঠেছেন নগরবাসী
×

আসন সীমা পুনর্বহালের দাবিতে সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডবাসী নগরীতে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:০০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:০৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফুঁসে উঠেছেন নগরবাসী। বুধবার দুপুরে সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডবাসী নগরীতে বিক্ষোভ মিছিল করে। একইসঙ্গে তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। 

আন্দোলনকারীরা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডকে সদর আসনে পুনর্বহালের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করে। সেখানে বক্তব্য দেন সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক কাউন্সিলার নজরুল ইসলাম দেওয়ানি, এলাকাবাসী আহসান হাবীব লিমন, আলমগীর শাহীন প্রমুখ। 

বক্তারা বলেন, নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডকে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে যুক্ত করা হয়েছে। ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এ আসনের প্রাণকেন্দ্র হওয়ায় নির্বাচন কমিশনের এ গেজেটকে প্রত্যাখ্যান করেছে এলাকাবাসী।

রংপুর সদরের প্রাণকেন্দ্র থেকে মাত্র ৩ কিলোমিটার দূরবর্তী ৯ নম্বর ওয়ার্ডকে রংপুর-১ আসনে যুক্ত করার সিদ্ধান্তকে এলাকাবাসীর স্বার্থবিরোধী বলে উল্লেখ করেন তারা। 

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর সদর আসনে সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ড অধিভুক্ত থাকবে। অথচ ২০১২ সালে হঠাৎ করে রংপুর-১ আসনে সিটি করপোরেশনের ৮টি ওয়ার্ড যুক্ত করা হয়। সর্বশেষ সিটি করপোরেশনের বৃহত্তর ৯ নম্বর ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে রংপুর-১ আসনে। যেখানে এই ওয়ার্ডের বাসিন্দারা মাত্র ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সদরের প্রাণকেন্দ্রে গিয়ে সেবা নিতে পারবে, সেই জায়গায় তারা কেন ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুর-১ আসনে সেবা নিতে যাবে। 

তিনি আরও বলেন, গণশুনানি ছাড়া কীভাবে এসি রুমে বসে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো; তা আমাদের বোধগম্য নয়। আমরা এ ধরনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। সেই সাথে সিটি করপোরেশনের সব ওয়ার্ডকে সদর আসনে ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন ও আইনি লড়াইয়ের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলামকে ম্মারকলিপি দেয় এলাকাবাসী।

আরও পড়ুন

×