দুর্গাপূজার মতো উৎসবগুলো দু’দেশের সাধারণ বন্ধন: প্রণয় ভার্মা
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ২২:১৮
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, দুর্গাপূজার মতো উৎসবগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে সাধারণ বন্ধন। আমরা উভয় দেশই একই চেতনায় এসব উৎসব উদযাপন করি। আমরা আশা করি, দুর্গাপূজা আমাদের জীবনে এবং আমাদের জাতির জন্য অনেক আলো নিয়ে আসবে।
আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, আমি কুমুদিনীতে এসেছি সপ্তমী পূজা উদযাপন করতে। দুর্গাপূজা আমাদের উভয় দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য শক্তি এবং প্রজ্ঞা দেবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশিদের জন্য বিপুল সংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হয়েছে, এখনও হচ্ছে। পরিস্থিতি উন্নতি হলে অন্যান্য ভিসাও চালু হবে।
এর আগে বিকেলে প্রণয় কুমার ভার্মা কুমুদিনী হাসপাতালে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উপপরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ।
পরে কুমুদিনী হাসপাতালের গ্রন্থাগারে চা চক্র শেষে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে সপ্তমী পূজার আরতি উপভোগ করেন।
- বিষয় :
- টাঙ্গাইল
- ভারতীয় হাইকমিশনার
- প্রণয় ভার্মা
