সাভারে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, কনস্টেবলসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ১০:৩৪
সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, জাল নোট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, নগদ টাকা, ১৬টি এটিএম কার্ড ও ১২টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।
সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সিপিসি-২-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ। রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার নিগার প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর থানার শ্যামপুর গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে আশুলিয়া থানার পুলিশ কনস্টেবল (নং-১২৭৩) মো. মমিনুল ইসলাম, নীলফামারীর ডিমলা থানার খড়িবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদ, গাইবান্ধার সদর থানা এলাকার চৌদ্দগ্রামের মৃত তোফাজ্জলের ছেলে ওয়াহেদ ও জামালপুরের মেলান্দহ থানার চরগুহিন্দি গ্রামের সুরুজ শেখের ছেলে ওয়াজেদ শেখ। তারা সবাই আশুলিয়ার বাইপাইলসহ বিভিন্ন এলাকায় ভাড়া থাকেন।
র্যাব জানায়, ভুক্তভোগী নূর উদ্দিন নামে এক ব্যক্তির মৌখিক অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রয় ও জাল নোট রাখার অপরাধে আশুলিয়া থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে দুটি মামলায় সাজ্জাদুর রহমান নামের আশুলিয়া থানার এক উপ-পরিদর্শককেও (এসআই) আসামি করা হয়েছে।