সিলেটে নতুন করে ৭২ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ১০:৫৯
সিলেট বিভাগে নতুন করে আরও ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত ৭ হাজার ৫৬০ জন।
দুটি ল্যাব মিলে সিলেট জেলায় নতুন ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় সবমিলে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪ হাজার ৭৩ জন। সুনামগঞ্জে নতুন শনাক্ত ২২ জনকে নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৪৩৯ জন। হবিগঞ্জে মোট এক হাজার ১২৩ জন ও মৌলভীবাজারে ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, এদিন ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের একজন ও মৌলভীবাজারের ৬ জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে ৭ জন চিকিৎসক রয়েছেন।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানিয়েছেন, সোববার শনাক্ত ৩৪ জনের মধ্যে সিলেট জেলার ১৪ জন ও সুনামগঞ্জের ২০ জন বাসিন্দা রয়েছেন। তিনি জানান, এদিন সিলেটের ৬০ জন ও সুনামগঞ্জের ৭৮ জনের নমুনাসহ ১৩৮ জনের পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কেউ করোনায় মারা যায়নি বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত ৩ হাজার ১৮১ জন সুস্থ হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন আছেন ২০২ জন। সিলেটে করোনায় মৃতের সংখ্যা ১৩৫ জন।
- বিষয় :
- সিলেট
- ওসমানী মেডিকেল কলেজ
- করোনাভাইরাস