নারায়ণগঞ্জে তর্ক-বিতর্কের লড়াইয়ে সেরা আইডিয়াল স্কুল
প্রতিযোগিতা শেষে অতিথিদের সঙ্গে বিজয়ী বিতার্কিকরা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১৪:১৩
তর্কে-বিতর্কের দারুণ এক দিন ছিল শনিবার (৪ অক্টোবর)। বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পযায়ে প্রতিযোগিতা হয় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে। এতে আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন ও মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক-কলামিস্ট তারাপদ আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, খেলাঘর আসরের জেলা সভাপতি জহিরুল ইসলাম জহির। সঙ্গে ছিলেন সংগীতশিল্পী ইকবাল আহমেদ সুমন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সভাপতি নাসিমা সর্দার। সমকালের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ উদ্দিন সবুজের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন জেলা সুহৃদ সভাপতি মোজাম্মেল হোসেন লিটন।
অংগ্রহণকারী স্কুলগুলো হলো– নারায়ণগঞ্জ হাই স্কুল, বিদ্যানিকেতন হাই স্কুল, নারায়ণগঞ্জ গার্লস স্কুল, প্রিপারেটরি স্কুল, বেগম রোকেয়া খন্দকার বিদ্যালয়, আইটি হাই স্কুল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাই স্কুল এবং বিএম ইউনিয়ন স্কুল।
তারাপদ আচার্য্য বলেন, বিজ্ঞানচর্চা মানুষকে জ্ঞানে সমৃদ্ধ করে, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আবার দেশের নিরাপত্তাও নিশ্চিত করে। এ জন্য আমাদের বিজ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে। দেশের শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিতে শাহজালাল ব্যাংক ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় সমকাল সুহৃদ সমাবেশ যে কাজটি করে যাচ্ছে, তা দেশের জন্য অত্যন্ত জরুরি।
বিতর্কের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সমাজে আমাদের মধ্যে নানা বিষয় নিয়ে বিতর্ক আছে–থাকবেই। কিন্তু অপরের মতকে সম্মান দেখাতে হবে, সহনশীল হতে হবে। বিতর্ক প্রতিযোগিতা আমাদের মধ্যে সহনশীলতা তৈরি করে। অপরের যুক্তি শোনার অভ্যাস তৈরি করে। এ সহনশীলতা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন।