ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আট দফা দাবি বাস্তবায়নে ৪ ঘণ্টার অনশন

আট দফা দাবি বাস্তবায়নে  ৪ ঘণ্টার অনশন
×

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ০৭:৪৩

| প্রিন্ট সংস্করণ

বৃহত্তর সিলেটের ট্রেন যাত্রীদের আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অনশন কর্মসূচিতে বসেন শেখ বদরুল ইসলাম রানা নামের এক যুবক। জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দেওয়া ওই যুবকের সঙ্গে এক পর্যায়ে একাত্মতা ঘোষণা করেন রেল আন্দোলনের সদস্যরা।

গতকাল সোমবার সকাল ১০টায় কুলাউড়া জংশন স্টেশনের প্ল্যাটফর্মে অনশন শুরু করেন শেখ বদরুল ইসলাম রানা। পরে অনশনরত ওই জুলাইযোদ্ধার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়ার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন।

খবর পেয়ে সোমবার দুপুর ২টার দিকে কুলাউড়া জংশন স্টেশনে যান মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন। জেলা প্রশাসক অনশনকারী রানার দাবির বিষয়গুলো শোনার পাশাপাশি আন্দোলনরত অন্যদের সঙ্গেও কথা বলেন। পরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পরে রানাকে জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙান জেলা প্রশাসক ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম, আতিকুর রহমান আখই, খালেদ পারভেজ বখ্‌শ, আলমাছ পারভেজ তালুকদার, আব্দুল কাইয়ুম মিন্টু, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, সৈয়দ আশফাক তানভীর, এইচ ডি রুবেল, সাইফুর রহমান প্রমুখ।

অনশনকারী জুলাইযোদ্ধা বদরুল হোসেন রানা কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাদে মনুসর এলাকার বাসিন্দা শেখ শহীদুল ইসলামের ছেলে। রানা কুলাউড়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। শুধু বদরুল ইসলাম রানা নয়, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি নিরসনসহ সিলেটের ট্রেন যাত্রীদের আট দফা দাবিসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের জন্য মাঠে নামেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন পেশার লোকজন।

আরও পড়ুন

×