ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেরোবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ৮ শিক্ষার্থী বহিষ্কার

বেরোবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ৮ শিক্ষার্থী বহিষ্কার
×

সোমবার রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক শেষে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। ছবি: সমকাল

রংপুর অফিস ও বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ১১:২৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ১২:২৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মারামারি ও সংঘর্ষের ঘটনায় আটজনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠক শেষে এমন তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাফায়েত হোসেন শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুল সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ ও ২১-২২ সেশনের শিক্ষার্থী আশরাফুল ইসলাম।

এর আগে সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঘটনার সূত্রপাত হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষ ভাঙচুর করে। মারামারি, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় আহত হন অন্তত ১০ শিক্ষার্থী।

ছবি: সমকাল

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামাণিকসহ তিন বিভাগের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে স্লোগান দিতে থাকেন।

পরে রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে উত্তপ্ত পরিস্থিতিতে জরুরি শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে উপাচার্য বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এই সব বিষয় আর অধিকতর আইডেন্টিফাই করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×