ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা

নির্বাচনের তপশিলের আগেই বাস্তবায়ন কাজ শুরুর দাবি

তিস্তার ১১ পয়েন্টে মশাল প্রজ্বালন

নির্বাচনের তপশিলের আগেই বাস্তবায়ন কাজ শুরুর দাবি
×

বৃহত্তর রংপুরের নদীপারের ১০ উপজেলার তিস্তার ১১ পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় একযোগে মশাল প্রজ্বালন কর্মসূচি করা হয়। ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ২২:৫৭

জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে নভেম্বর মাসেই রাষ্ট্রীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহত্তর রংপুরের নদীপারের ১০ উপজেলার তিস্তার ১১ পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় একযোগে মশাল প্রজ্বালন কর্মসূচি করা হয়।

এর আগে ৫ অক্টোবর নদীবেষ্টিত পাঁচ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও রংপুরে পদযাত্রাসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল ও গণসমাবেশ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা সেতু পয়েন্টে মশাল প্রজ্বালন কর্মসূচির নেতৃত্ব দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

এ সময় তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছে। কিন্তু কখন শুরু হবে তা স্পষ্ট করা হয়নি। সেজন্য আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। সরকার বছরের শুরুতে কাজ শুরুর পরিকল্পনা করছে। কিন্তু সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হলে সেই কাজ ঝুলে যেতে পারে। প্রথমে অভ্যন্তরীণ অর্থ দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি করে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনেও যদি সরকার দাবি বাস্তবায়নে উদ্যোগী না হয়, তবে লাগাতার কঠোর কর্মসূচি দিয়ে রংপুর বিভাগকে অচল করে দেওয়া হবে।

কর্মসূচিতে জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, গঙ্গাচড়া বিএনপির সভাপতি চাঁদ সরকার, বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান মাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারাসহ নদীপারের সহস্রাধিক মানুষ অংশ নেন।

আরও পড়ুন

×