ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাবিতে মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবি
×

ফাইল ছবি

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ২৩:২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন হয়। এতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বক্তারা উত্তরবঙ্গের কৃষি ও প্রকৃতি রক্ষা এবং কোটি মানুষের জীবিকার উন্নয়নের লক্ষ্যে চীনের সহায়তায় আগামী নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করার তাগিদ দেন। এ ছাড়া ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান।

শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, স্বাধীনতার পর থেকেই আমাদের মিত্র রাষ্ট্র (ভারত) মৈত্রীর পরিচয় দেননি। আমাদের মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, নভেম্বরের মধ্যে চীনা সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করুন। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ভারতের উচিত আগ্রাসী নীতি পরিহার করে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করা।

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু সরকারের উদ্দেশে বলেন, তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করুন। দেশবাসী সরকারের সঙ্গে থাকবে। জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দলীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন। যখনই কোনো চুক্তি হয়েছে, তখনই দেশের স্বার্থ ভূলুণ্ঠিত করে ভারতের মন জয় করার চেষ্টা করেছেন। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে অবিলম্বে চুক্তি করতে হবে।

আরও পড়ুন

×