ফরিদপুরে জনসভায় এ. কে. আজাদ
মানুষের ভালোবাসাই আমার দল
জনসভায় বক্তব্য রাখছেন সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ. কে. আজাদ। শনিবার বিকেলে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর বাজারসংলগ্ন মাঠে -সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ০৭:২২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ | ১২:৪৯
| প্রিন্ট সংস্করণ
‘আমি গরিব-দুঃখী, মেহনতী মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছি, জনগণ যদি আমাকে চায় তাহলেই আমি নির্বাচন করব।’ ফরিদপুর সদরের ঈশান গোপালপুর বাজারসংলগ্ন মাঠে গতকাল শনিবার বিকেলের জনসভায় এমন মন্তব্য করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। তিনি বলেছেন, ‘আমার কোনো দল নেই, সাধারণ মানুষই আমার দল, মানুষের ভালোবাসাই আমার দল।’
জনসভায় এ. কে. আজাদ আরও বলেন, ‘আমি আগেও স্বতন্ত্র হিসেবে এমপি নির্বাচিত হয়েছি, বিপুল ভোটে জনগণ আমাকে বিজয়ী করেছে। তাদের ভালোবাসার কৃতজ্ঞতা জানাতেই আপনাদের কাছে ছুটে এসেছি। আমি ভোটে দাঁড়াবো কিনা, সেই সিদ্ধান্ত এখনও নিইনি। আগেই আমাকে শত্রু ভাববেন না, বিপক্ষ দলে ঠেলে দেবেন না। আপনারা বিভিন্ন দল থেকে যারা নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন, তাদের তো হাজার হাজার লোকজন আছে। আপনাদের এতো ভয় কীসের!’
ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোবহান মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কবিরাজ, উজ্জ্বল সরকার লোটন, শিক্ষক নেতা আক্কাস পরামানিক, হা-মীম গ্রুপের কর্মী আব্দুল্লাহ শেখ প্রমুখ। উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, নেক্সট কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
- বিষয় :
- এ. কে. আজাদ
- ফরিদপুর
- নির্বাচন
