টেকনাফের পাহাড়ে অস্ত্রসহ মানব পাচারকারী আটক, ৬ ভুক্তভোগী উদ্ধার
মানবপাচার চক্রের হাতে আটক থাকা ৬ ভিকটিমকে উদ্ধার করে বিজিবি। ছবি: সংগৃহীত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ০১:০৮
কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ একজন মানব পাচারকারী ও ডাকাত চক্রের সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় মানবপাচার চক্রের হাতে আটক থাকা ৬ ভিকটিমকে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন টেকনাফ রাজারছড়া ১ নম্বর ওয়ার্ড এলাকার মো. হোছনের ছেলে মো. রুবেল (২০)।
উদ্ধাররা হলেন–টেকনাফ শাহ পরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার জিয়াবুল হোসেনের ছেলে রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের ছেলে শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া জালিয়াপালং মনখালি ৯ নম্বর ওয়ার্ডের রফিকের ছেলে মো. ফয়সাল (১৭), উখিয়া মনখালির মো. ইলিয়াসের ছেলে মো. এহসান (১৬), উখিয়া বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর ছেলে নজিম উল্লাহ (১২) এবং একই ক্যাম্পের জাফর আলমের ছেলে শহিদুল আমিন (১৫)।
মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবির একটি দল এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অস্ত্রধারী মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। অভিযান চলাকালে মানবপাচার চক্রের হাতে বন্দি ছয়জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি নাগরিক।
উদ্ধার ভিকটিমরা জানান, রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে ডেকে নিয়ে আটক করা হয়। পরে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তিন দিন ধরে তাদের বন্দি করে রাখা হয়েছিল। এ সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
আটক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক।
